ফি বছর বন্যায় ডোবে ঘাটাল। যার অন্যতম কারণ মূল নদী থেকে আসা খাল বুজিয়ে তার উপরেই গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। এমনই অভিযোগ উঠল কলকাতা হাই কোর্টে। শুধু তাই নয়, দখল হয়েছে রাজ্য সড়কও। ব্যাংয়ের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। ঘাটালের দাসপুর থানার বেনাই গ্রাম সহ একাধিক এলাকায় এই পরিস্থিতি নিয়ে এবার আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে কলকাতা হাই কোর্টে।
সম্প্রতি ঘাটালের বন্যা পরিস্থিতি দেখে এনিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন জনৈক সাংবাদিক। এলাকাটি হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগস্থলের কাছাকাছি। আবেদনে উল্লেখ করা হয়েছে, ঘাটাল–কোলাঘাট সড়কটি গোপীগঞ্জের ব্যস্ত বাজারের দিকে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। সরকারি জমি দখলের ফলে রাস্তার প্রস্থ কমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি পরিস্থিতিতে যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে বলে জানান তিনি।
আবেদনকারীর দাবি, সংশ্লিষ্ট নির্মাণগুলির জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষের অনুমোদিত কোনও বিল্ডিং প্ল্যান নেওয়া হয়নি। কারণ, নির্মাণগুলি সরকারি জমির উপর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। একদিকে পিডব্লিউডি-র জায়গা দখল, অন্যদিকে এলাকার জলনিকাশি খাল বুজিয়ে ওই নির্মাণগুলি গড়ে উঠেছে। যার জেরে জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এনিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ক্ষেত্রে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তাই জমি দখলমুক্ত, নিকাশি খাল সংস্কার ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
