বাংলাদেশে এটাই আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন একটি জায়গায় যেতে চেয়েছিলাম, যেখানে এর আগে কোনো রাষ্ট্রদূত যাননি। এখানকার নৃত্যশিল্পীদের পরিবেশনা, চমৎকার সাজসজ্জা এবং সামগ্রিক আয়োজন আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। আপনাদের আন্তরিক আতিথেয়তা এবং এই আনন্দময় উদযাপনের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশে নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরে এভাবেই মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। মণ্ডপের সাজসজ্জা, নৃত্যশিল্পীদের পরিবেশনা এবং পূজার সামগ্রিক আয়োজন ঘুরে দেখেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে সকালে তিনি সোনারগাঁওয়ের দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, মার্কিন অ্যাম্বাসির ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহববুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টুডিয়ান তানজিলুর রহমান প্রমুখ।
