প্রকাশিত: ১৯:৩৬, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ১৯:৩৯, ২১ অক্টোবর ২০২৬
লড়াই করছেন সাইফ ও ইমন।
আফগানিস্তানের বোলিং তোপে শুরুতেই বিপর্যয়ে পড়া বাংলাদেশ অবশেষে ২৬ ওভার শেষে শতরানের ঘর পেরিয়েছে। তবে রান তোলার গতি একেবারেই মন্থর। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়া টাইগারদের হাল ধরেছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। এই দুই ব্যাটারের প্রতিরোধে আপাতত আর উইকেট হারায়নি বাংলাদেশ। ২৬ ওভার শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান পার হয়েছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে শুধু জিতলেই হবে না, আফগানদের হারাতে হবে অন্তত ৪১ রানের ব্যবধানে। এমন সমীকরণ সামনে রেখে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শুরুতেই কঠিন পরিস্থিতিতে পড়ে দল।
ইনিংসের শুরুটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। মাত্র ১ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন সৌম্য সরকার। এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।
তবে সেই জুটি ভাঙতে বেশি সময় নেননি আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই। তাঁর বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ২৩ বলে ১৫ রান করেন তিনি। এরপর সপ্তম ওভারের শেষ বলে ওমরজাইয়ের দ্বিতীয় শিকারে পরিণত হন অধিনায়ক তাওহীদ হৃদয়। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি।
মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে যখন দিশেহারা বাংলাদেশ, তখন দলের হাল ধরেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। দুজনই দেখেশুনে ব্যাটিং করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। তাঁদের ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯২ বলে গড়ে ওঠে অর্ধশত রানের জুটি।
তবে উইকেট ধরে রাখতে গিয়ে রান তোলার গতি কমে গেছে বাংলাদেশের। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে বড় শট খেলতে পারছেন না ব্যাটাররা।
