আনন্দ-উচ্ছ্বাসের পর বিদায়ের বিষাদ ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটছে আজ বিজয়া দশমীতে। পাঁচ দিনের এই উৎসবের শেষ দিন বুধবার সকালে দেশের প্রতিটি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিষ্ঠার সঙ্গে চণ্ডীপাঠের মাধ্যমে দশমীর আনুষ্ঠানিক সূচনা হয়।
সকালে চণ্ডীপাঠের পর মণ্ডপগুলোতে পর্যায়ক্রমে সম্পন্ন হয় অপরাজিতা পূজা, দশোপচারে দেবীর বিশেষ অর্চনা, গণেশসহ অন্যান্য দেবদেবীর উপাসনা, আরতি ও সমাপনী পুষ্পাঞ্জলি। মূল পূজার সমাপনী পর্বে দর্পণ ও ঘট বিসর্জনের পর পরই শুরু হয় চিরায়ত দেবীবরণের ক্ষণ।
দেবীবরণের আয়োজনে বিবাহিত নারীরা ভক্তিভরে দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ করেন এবং দেবীকে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর পরপরই ভক্তরা পরস্পরের মুখ ও কপালে সিঁদুর পরিয়ে মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়।
এই বিশেষ আচারের মাধ্যমে নারীরা নিজ নিজ পরিবার ও সংসারের অব্যাহত শান্তি, সুখ এবং সমৃদ্ধি প্রার্থনা করেন। সনাতনী শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, দেবীর চরণে স্পর্শ করা সিঁদুর ঘরে সংরক্ষণ করলে পারিবারিক জীবনে সার্বিক মঙ্গল নিশ্চিত হয়। ফলে ভক্তরা দেবীর শুভাশিস নিয়ে নতুন উদ্যমে প্রাত্যহিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।
নানা ধর্মীয় আচার ও আনুষ্ঠানিকতার সমাপ্তিতে এখন কেবলই বিদায়ের সুর। জলাশয় ও নদ-নদীতে অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই দেবীকে মর্ত্য থেকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা, যার সঙ্গে যুক্ত থাকবে আগামী শরতে দেবীর পুনরায় আগমনের ব্যাকুল প্রতীক্ষা।
