প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগসেরক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউএনডিপি প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপআবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং ইউএনডিপি বাংলাদেশের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। এছাড়াও উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ইউএনডিপি আবাসিক প্রতিনিধি প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা বাংলাদেশে ইউএনডিপির চলমান কার্যক্রম, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে অংশীদারত্বের বিষয়ে অবহিত করেন। এই যৌথ অংশীদারত্ব একটি অধিকতর সাড়া প্রদানকারী, জনবান্ধব, তথ্য-প্রমাণ নির্ভর এবং জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি প্রকাশ করে। বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির অব্যাহত সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।
মো. ইসমাইল জবিউল্লাহ সুশাসন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির অধিকতর সহায়তা কামনা করেন। একই সঙ্গে বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়ন এবং সেবা সহজীকরণ প্রক্রিয়ায় ইউএনডিপির সহযোগিতার আহ্বান জানান।
ইউএনডিপি বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রসমূহ এবং সংস্কার এজেন্ডা, বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং নাগরিক-কেন্দ্রিক সেবা প্রদানে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে।
