রাজধানীর তেজগাঁওয়ে পাঠ্যপুস্তক ছাপার কাজের অগ্রগতি সরেজমিনে দেখতে আকস্মিকভাবে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শনিবার রাতে পরিদর্শনকালে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদ্রাসার পাঠ্যপুস্তক মুদ্রণের অগ্রগতি, ছাপার মান, কাগজের গুণগত মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের কার্যক্রম পর্যালোচনা করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলে জানানো হয়। এ সময় যথাসময়ে মুদ্রণকাজ শেষ করার পাশাপাশি বইয়ের মান যথাযথভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে এনসিটিবি কার্যালয়ে পাঠ্যপুস্তক মুদ্রণের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরে তিনি তেজগাঁওয়ের আরেকটি ছাপাখানা পরিদর্শন করে মুদ্রণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ছাপার কাজ শেষ করে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে পাঠ্যপুস্তকের মুদ্রণ ও কাগজের মানসহ সার্বিক গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
