জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা ৭০ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া ও মোল্লারচর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ওই চার জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার পাটাধোয়াপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলাম ও খলিম উদ্দিন এবং মোল্লারচর গ্রামের মো. শামীম ও মো. রহিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া ও মোল্লারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে চার জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
