সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর রোববার সন্ধ্যায় হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট আলাদাভাবে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
জিএসিএ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণ এবং বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা পরিদর্শন করছে।
কর্তৃপক্ষ ঘটনাটিকে সৌদি আরবজুড়ে বেসামরিক বিমান চলাচলের স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে বর্ণনা করেছে।
পরে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে তা প্রতিহত ও ধ্বংস করেছে। দাম্মাম এই প্রদেশেই অবস্থিত।
সাম্প্রতিক এসব ঘটনা সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার তীব্রতা বৃদ্ধির মধ্যে ঘটেছে। এর মধ্যে রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলাও রয়েছে।
এর আগে রোববার সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল ৪-এ একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে আগুনের সূত্রপাত হয় এবং কয়েকজন আহত হন।
সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানিয়েছে, বিমানবন্দরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে।
