প্রতীকী ছবি।
Published on
:
2 min read
দুর্গাপুজো মিটতে না মিটতেই এ বার ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা শোনাল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সিস্টেম। সোমবারের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। সত্যিই এই ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে অর্ণব। এখন প্রশ্ন, তার প্রভাব বাংলায় কি পড়বে?
আজ, শুক্রবার সকাল সাড়ে ৫টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এর পরে ধাপে ধাপে সুস্পষ্ট নিম্নচাপ, গভীর ও অতি গভীর নিম্নচাপের রূপ নেওয়ার পরে তৈরি হওয়ার কথা ঘূর্ণিঝড়ের। ২৬ অক্টোবর অর্থাৎ সোমবারই ঘূর্ণিঝড় তৈরি হবে। এর পরে তা এগোবে স্থলভাগের দিকে। ঘূর্ণিঝড় হলে ২৯ তারিখ ল্যান্ডফলের সম্ভাবনা।
এক নজরে
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।
আজ সকাল সাড়ে ৫টায় দক্ষিণ-পূর্ব ও তার সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের জন্ম।
২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এর পরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
২৫ অক্টোবর গভীর নিম্নচাপের রূপ নেবে।
২৬ অক্টোবর সকালের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা।
বাংলায় ঝড়ের প্রভাব পড়বে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে প্রাথমিক ভাবে তার অভিমুখ হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও তার সংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূল। সে দিকেই এগিয়ে যাবে অর্ণব। এখনও পর্যন্ত সরাসরি বাংলায় প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে পরোক্ষ প্রভাব পড়বে। উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা শুনিয়েছে মৌসম ভবন। শুধু তাই নয়, হেমন্তের বাংলা ভিজবে অকাল বৃষ্টিতে।
সোমবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকলেও মঙ্গলবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ বাকি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে আরও কিছুটা সময় গেলে নির্দিষ্ট করে বলা যাবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তা স্থলভাগে ঢুকে কোন দিকে যাবে তার উপরে নির্ভর করবে অক্টোবরের শেষবেলার আবহাওয়া।
FAQs
প্রশ্ন: সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে কী জানা যাচ্ছে?
উত্তর: বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তা সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, এর নাম তখন হবে ‘অর্ণব’।
প্রশ্ন: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল কবে ও কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর: আগামী ২৯ অক্টোবর ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হতে পারে এবং এর প্রাথমিক অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে।
প্রশ্ন: ঘূর্ণিঝড়টির প্রভাবে পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে?
উত্তর: বাংলায় সরাসরি আছড়ে না পড়লেও পরোক্ষ প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার কলকাতা, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।