জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেজের গোপনীয়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের এনআইডি-সংক্রান্ত অভ্যন্তরীণ সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করা হলে কিংবা নিরাপত্তা রক্ষায় কোনো অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
ইসির মাঠপর্যায়ের কার্যালয়সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গোপন লগইন তথ্য অসদুপায়ে অন্যের হাতে চলে যাওয়ার অভিযোগ ওঠার পর এ কঠোর বার্তা দিয়েছে কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করা হয়।
ইসি জানায়, সম্প্রতি বিভিন্ন গোপন অনুসন্ধানে এনআইডি সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড সাধারণ ফটোকপি ও কম্পিউটারের দোকানে পাওয়া যাওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্পর্শকাতর এসব তথ্য ফাঁসের বিষয়টি নজরে আসার পরই কঠোর অবস্থান নেয় ইসি।
নির্দেশনায় ইসি উল্লেখ করেছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন কার্ড ইস্যু কিংবা তথ্য পরিবর্তনের কাজে ব্যবহৃত কোনো ইউজার আইডি ও পাসওয়ার্ড কোনো অবস্থাতেই অন্য কারও সঙ্গে শেয়ার বা হস্তান্তর করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে কিংবা নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে নাগরিকদের এনআইডি সেবা সহজ ও দ্রুত করতে জাতীয় পরিচয়পত্র সংশোধন-সংক্রান্ত বিদ্যমান নীতিমালা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সংশোধন কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে বিদ্যমান এসওপি পরিবর্তন ও পরিমার্জনের নতুন প্রস্তাব উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
