ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুব মহিলা লীগ নেত্রীর নাম ডালিয়া আক্তার (৫০)। শুক্রবার দুপুরে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের রসুলপুর এলাকায় সোনালী ব্যাংকের উপরে তৃতীয় তলার নিজের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ডালিয়া আক্তার রাজনীতির পাশাপাশি স্থানীয় বাঘাপুর সরকারি প্রাইমারী স্কুলে শিক্ষকতা করতেন। তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ছিলেন।
স্থানীয়রা ডালিয়ার গলা কাটা লাশ তার নিজ ফ্ল্যাটে দেখতে পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে সিআইডি ক্রাইম সিনের মাধ্যমে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে ডালিয়া ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। নদী ও লিজা নামে তার দুই কন্যা সন্তান ইতিমধ্যে তাদের বিয়ে হওয়ায় তারা স্বামীর সাথে বসবাস করছেন।
নিহত ডালিয়ার মেয়ে লিজা অভিযোগ করে বলেন, আমার মা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছেন, যুবমহিলা লীগের নেত্রী ছিলেন পাশাপাশি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর মাকে পরিকল্পিতভাবে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি সরকারের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানান, তারা জানতে পেরেছে ডালিয়া আক্তার পেশায় স্থানীয় একটি প্রাইমারি স্কুলের একজন স্কুলশিক্ষিকা ছিলেন। তার রাজনৈতিক পরিচয়ের কোন তথ্য তাদের কাছে নেই। তবে দ্রুত এই ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালন করা হবে।
