নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন করিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইদ্রিস মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, সাংবাদিক রহমান আঙ্গুর ভূঁইয়া, মদন শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুবি আক্তার বিএনপি নেতা এনামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবারের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ছিল— “শিশুবিবাহ আর নয়, কন্যা করবে বিশ্ব জয়”। প্রতিপাদ্যের আলোকে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং সমাজে মেয়েদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপদ বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ জন্য পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
