গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দ্রুতগতির পিকআপের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী বাবা-মেয়ে নিহত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেরার গেড়াখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা বাবা রঞ্জু ও মেয়ে সামিরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবা-মেয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
