ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন একটি ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গত বৃহস্পতিবার মডেল ও অভিনয়শিল্পী আদনান আজাদের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক আবহে স্থিরচিত্র প্রকাশ করেন অপু। ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তাঁর। দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তাঁরা?

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সে সম্ভাবনা মাথায় রেখেই হয়েছে ফটোশুটটি। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’ ছবিগুলো প্রকাশের প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বসিত অপু। তিনি বলেন, ‘ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যে অনেক ভালো সাড়া পেয়েছি। হয়তো সামনে আরও ভালো সাড়া আসবে।’
আদনান আজাদ আবার চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। তাঁকে ঘিরে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন অপু। তাঁর মতে, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।’

অপু জানান, এ বিষয়ে কথাবার্তা চলছে। শিগগিরই তাঁদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। তখন সিনেমা নিয়ে আলোচনা আরও এগোতে পারে। তবে সম্ভাব্য সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই বাড়ি বগুড়ায়।
সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তাঁরা। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।

ফেসবুকে ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপুকে সম্বোধন করেছেন ‘প্রফেসর’ বলে। তিনি লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’
অপুও ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’ অপুর পোস্টে এক হাজারের বেশি মন্তব্য এসেছে, প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২৭ হাজার। অনেকেই পুরোনো এই জুটিকে আবারও পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান আজাদের আরেকটি পরিচয় রয়েছে। তিনি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবে পরিচিত।
