ময়মনসিংহের নান্দাইলে ইয়াবা কিনে এনে দিতে রাজি না হওয়ায় আরিফ মিয়া নামে এক বাক্প্রতিবন্ধী রাজমিস্ত্রিকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মোজাম্মেল নামে স্থানীয় আরও এক যুবক হামলার শিকার হয়েছেন। গত ২২ অক্টোবর রাতে উপজেলার সিংরইল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরিফের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সিংরইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা আরিফ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি।
ঘটনার দিন রাতে কাজ শেষে সিংরইল বাজার থেকে বাড়ি ফেরার পথে মাইজপাড়া এলাকায় পৌঁছালে একই এলাকার আব্দুল মন্নাছের ছেলে অপন মিয়া, খুদে রামের ছেলে লেদন মিয়াসহ অজ্ঞাতপরিচয় দুই-তিনজন তার পথরোধ করেন। তারা আরিফকে ইয়াবা কিনে এনে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের কাছে যান স্থানীয় যুবক মোজাম্মেল। অভিযোগ রয়েছে, এ নিয়ে কথা বলার একপর্যায়ে মকবুল হোসেন, নুরুল ইসলাম, ইফতি ও তুহিল তাকে মারধর করেন।
এতে তিনিও গুরুতর আহত হন। বর্তমানে আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা