পুজোর আগে থেকেই ২ হাজার টাকার অনলাইন লেনদেনে এমডিআর কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তে এবার পিছু হটল মোদি সরকার। প্রথমে জানানো হয়েছিল, ১৫ অক্টোবর থেকে এমডিআর কার্যকর হবে। কিন্তু মঙ্গলবার সার্ভিস স্টিয়ারিং কমিটির তরফ থেকে জানানো হয়, আপাতত এমডিআর কার্যকর হচ্ছে না। দিওয়ালি পর্যন্ত বিনা ‘ফি’তেই চলবে অনলাইন লেনদেন। উৎসবের মরশুমে এমডিআর বসছে না অনলাইন লেনদেনে।
‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনী পাশ হয়েছে বাদল অধিবেশনে। তারপরই ঘোষণা করা হয়, ২ হাজার টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর ০.৪ শতাংশ এমডিআর দিতে হবে। ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন ফি। এই ঘোষণা প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, ব্যবসায়ীরা এই অতিরিক্ত ফি আদায় করার জন্য আমজনতার উপরেই চাপ দেবে। বিরোধীদের এই অভিযোগ যেন সত্যি না হয়, সেটা রুখতে পদক্ষেপও করে কেন্দ্র।
কিন্তু তাতেও লাভ হয়নি। এমডিআর কার্যকর হওয়ার আগে থেকেই অনলাইন পেমেন্ট না নিতে চেয়ে পোস্টার দিতে শুরু করেন ব্যবসায়ীরা। কোথাও বলা হচ্ছে, অনলাইন পেমেন্ট করলে বেশি টাকা দিতে হবে। কেউ বা অনলাইন পেমেন্ট নিতেই রাজি নন। তাঁরা সাফ জানিয়ে দিচ্ছেন, ক্যাশেই মেটাতে হবে বিল। উৎসবের মরশুমে এমনটা হলে লেনদেনের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা ছিলই। দেশের অন্তত ৫ কোটি মানুষ অনলাইনে লেনদেন করেন। এমডিআর চালু হলে তার ৭৬ শতাংশই সরে যাবেন বলে জানা গিয়েছে সমীক্ষার রিপোর্টে।
