পাবনার জেলার সাঁথিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘খেলাধুলা করব, মাদককে রুখব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাঁথিয়ায় শেষ হলো বিশাল এই ফুটবল টুর্নামেন্ট।
সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর ফুটবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে চাটমোহর থানার মেহেদী এগ্রো ফুটবল ক্লাব ও সাঁথিয়া থানার হুইখালী ফুটবল একাদশ। এক গোলের ব্যবধানে জয় পেয়ে চাটমোহর চ্যাম্পিয়ন এবং সাঁথিয়া রানার্সআপ হয়।
জাঁকজমকপূর্ণ এই খেলায় হাজার হাজার দর্শকসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাবনা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহজাহান আলী মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার, সাঁথিয়া থানার ওসি, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারী শান্টু, কাশিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সী, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হারুন অর রশীদ, মশিউর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
