সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
সিলেটে অবিলম্বে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবি জানিয়েছে বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কুশিঘাট এলাকায় সংগঠনের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিশেষ সমন্বয় সভায় এ দাবি জানানো হয়।
পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব এম এ সবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোলাপগঞ্জ থানা শিক্ষা উন্নয়ন পরিষদের আহ্বায়ক কাজী মো. সাব্বির আহমদ, ৮ নম্বর ভাদেশ্বর ইউনিয়ন শিক্ষা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. মিনহাজ উদ্দিন, ৪২ নম্বর ওয়ার্ড শিক্ষা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, সদস্যসচিব মো. জামান মনসুর ও কুশিঘাট জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ কারী মো. টুনু মিয়া।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের চার জেলায় শত শত কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে এবং লাখ লাখ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। বর্তমানে দেশের সব আলিয়া মাদ্রাসার কার্যক্রম ঢাকার একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হওয়ায় সনদ সংশোধনসহ বিভিন্ন সাধারণ কাজের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয় এবং চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ জন্য সিলেটে পৃথক মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের জোর দাবি জানান তারা।
দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট অঞ্চলে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া আগামী ২১ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় একই স্থানে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।
গুগলে আমাদের খবর পেতে
