আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে বিতর্কিত রান আউটের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতের তরুণ ব্যাটার তিলক বর্মা। তাঁর দাবি, বলটি বাউন্ডারিতে চলে গিয়েছে বলে মনে করেছিলেন তিনি এবং অক্ষর প্যাটেল। সেই কারণেই ক্রিজ ছেড়ে হাঁটতে শুরু করেছিলেন তিলক। কিন্তু শেষ পর্যন্ত রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।
রবিবার ইন্দোরে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘটে এই ঘটনা। ১৭তম ওভারের চতুর্থ বলে মোতির ডেলিভারি স্কোয়ার লেগ বাউন্ডারির দিকে খেলেন অক্ষর প্যাটেল। পুরান বলটি বাঁচান। দুই ভারতীয় ব্যাটারই ভেবেছিলেন, বলটি বাউন্ডারি হয়ে গিয়েছে।
সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা দুই প্রান্তেই উইকেট ভেঙে দেন। অক্ষর সময়মতো ক্রিজে পৌঁছে গেলেও তিলক বুঝতেই পারেননি যে বলটি বাউন্ডারিতে যায়নি। তিনি ধীর পায়ে ক্রিজে ফিরছিলেন। তাঁকে রান আউট করা হয়।
চতুর্থ টি-টোয়েন্টির আগে এই ঘটনা নিয়ে তিলক বলেন, “অক্ষর আর আমি দু’জনেই একই রকম ভেবেছিলাম। আমাদের মনে হয়েছিল বলটা বাউন্ডারিতে চলে গিয়েছে। সেই কারণেই আমি হাঁটতে শুরু করেছিলাম। দুর্ভাগ্যবশত, বলটা অক্ষরের প্রান্তে ছুড়ে দেওয়া হয়েছিল এবং অক্ষর বলটি দেখতে পেয়েছিল।”
তিনি আরও বলেন, “আমি বলটা দেখতে পাইনি। আমার মনে হয়েছিল বলটা চার হয়ে গিয়েছে, তাই আমি হাঁটছিলাম। তবে ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটতেই পারে।”
এদিকে, এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। প্রথমে ব্যাট করে ২২৩ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও পাঁচটি ছক্কা। ঈশান কিষাণ করেন ১৮ বলে ৩৭ রান। তিলক ভার্মার ব্যাট থেকে আসে ১৬ বলে ২৮ রান। নীতীশ কুমার রেড্ডি ২১ এবং অক্ষর প্যাটেল ২০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৯ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। শিমরন হেটমায়ার ৪৩ এবং পুরান ৪২ রান করে লড়াই চালালেও দলকে জেতাতে পারেননি। ভারতের হয়ে অর্শদীপ সিং ৪৪ রান দিয়ে তিনটি উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ ও শামার স্প্রিঙ্গার দু’টি করে উইকেট পান।
