ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ পন্থী) আয়োজিত ঢাকা বিভাগীয় ইজতেমা। জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জুমার ইমামতি করেন কাকরাইল মসজিদের আলেমে দ্বীন মুফতী উসামা ইসলাম।
ইজতেমায় ঢাকা মহানগরীর পাশাপাশি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ীসহ ঢাকা বিভাগের ১৩ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। কয়েক লাখ মুসল্লির এই সমাগমকে কেন্দ্র করে শাক্তা ইউনিয়নের বিশাল মাঠজুড়ে শামিয়ানা টাঙানো, পানি ও বিদ্যুৎ সংযোগ, গাড়ি পার্কিং ও সাইকেল গ্যারেজসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেছে আয়োজকরা।
তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, এবারের ইজতেমায় প্রায় ২০০ বিদেশি মেহমান যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “এবার জেলা নয়, বিভাগীয় ইজতেমা হওয়ায় মুসল্লিদের সমাগমও আগের চেয়ে অনেক বেশি।”
জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম বিশিষ্ট আলেম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ জানান, দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিদের একটি জামাত মাওলানা ফারুকের নেতৃত্বে ইজতেমায় উপস্থিত রয়েছেন।
ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। তিন দিনব্যাপী এই ইজতেমা রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
