সিলেটের বিয়ানীবাজার পৌরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে প্রায় ৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি দুই বছর আগে নির্মাণ শেষ হলেও আজও চালু হয়নি। ফলে সরকারের প্রায় ৯ কোটি টাকার এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন পৌর এলাকার প্রায় ৪৫ হাজার পরিবার। দীর্ঘদিন অকেজো পড়ে থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ।
জানা গেছে, ভূগর্ভস্থ পানি উত্তোলন ও বিশুদ্ধকরণের পর ৪৫০ ঘনমিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাংকে সংরক্ষণের জন্য পৌরসভার ফতেহপুর গ্রামে এই শোধনাগারটি নির্মাণ করা হয়। ২০২৩ সালের শেষ দিকে নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় আজও উৎপাদনে যায়নি প্ল্যান্টটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শোধনাগারে বিশুদ্ধ পানি থাকার কথা থাকলেও জমে থাকা পানিতে শেওলা পড়েছে। চারপাশ অপরিচ্ছন্ন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভেতরে যন্ত্রপাতি ঠিকঠাক থাকলেও সংযোগ সড়কের অবস্থা বেহাল দশা।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত এমন একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এটি চালুর দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালুর বিষয়ে আমরা অবগত আছি। কিছু কারিগরি জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। শীঘ্রই জটিলতা নিরসন করে প্ল্যান্টটি চালু করার উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত জটিলতা কাটিয়ে শোধনাগারটি চালু হলে পৌর এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসন হবে।
