কুমিল্লা,১৬ অক্টোবর-কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৩ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত সিএনজিচালিত অটোরিকশায় করে রাতের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁরা উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন। পুলিশকে দেখে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের ধাওয়া করা হয়।
একপর্যায়ে ভারতীয় মাদক কারবারিরা ওই দুই পুলিশ সদস্যকে ধরে মারধর করেন এবং পরে বিএসএফের হাতে তুলে দেন বলে জানা গেছে।
এদিকে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে তাঁদের ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের আশাবাড়ি এলাকা থেকে বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬
