চট্টগ্রামের আনোয়ারা থানার তৈলারদ্বীপ এলাকা থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। ইয়াবা চালানটির আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ইয়াবাসহ দুজনকে আটক করলেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এসআরবি।
গ্রেপ্তার দুজন হলেন- মো. সাকিব (১৯) ও জাহিদুল ইসলাম (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার ব্যাপারে জানতে পেরে আনোয়ারা থানার তৈলার দ্বীপ সংলগ্ন সরকারহাট গরু বাজার এর মেসার্স পেতান শাহ ষ্টোর এন্ড সাপ্লাইয়ার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে সন্দেহভাজন গাড়ি তল্লাশি শুরু করা হয়। একপর্যায়ে একটি সবুজ রংয়ের নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে আসলে এসআরবি সদস্যরা অটোরিকশার চালক সাকিব ও যাত্রীর আসনে পেছনে থাকা জাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় তারা স্বীকার করেন যে- তাদের ব্যবহৃত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচে ইয়াবা ট্যাবলেট লুকানো আছে। পরে ইয়াবা চালানটি আটক করা হয়। একইসঙ্গে অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
