আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। এ আদালত প্রবাসীদের যেকোনো ধরনের সংকট মোকাবিলায় কাজ করবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রম রপ্তানি। অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা শ্রমের মূল্য কম পাচ্ছেন। এর অন্যতম কারণ অসাধু ব্যবসায়ীরা। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। এ জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ আদালতে প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা ও সংকট নিয়ে মামলা পরিচালনা করা হবে। শিগগিরই এটি আলোর মুখ দেখবে। এ ধরনের আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে।
এমএমটি
