চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদ ও জমিলা খাতুনের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক স্বজনদের বরাতে জানান, অলিনগর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে বাপ্পি ও শাওন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সাগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের অনেকে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
