সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে হযরত শাহ্ সৈয়দ শামছুদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে জেলাব্যাপী ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬’-এর বাছাই ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার মোট ১৬০ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহফিজুল কোরআন মাদ্রাসা সৈয়দপুরের পরিচালক ও সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়েখ ফখরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাশেমী।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাশিদ সিরিজের পরিচালক মো. জামাল আহমেদ ও তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ রায়হান আহমদ। এ সময় মনোজ্ঞ নাতে রাসুল পরিবেশন করেন তাহমিদ হাসান।
প্রতিযোগিতাটি ১৫ পারা, ১০ পারা ও ৫ পারা—এই তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই পর্বে হাফিজ কারী আব্দুল্লাহ আল মাহমুদ ও হাফিজ কারী আব্দুল্লাহ আল মামুনসহ চারজন বিচারক দায়িত্ব পালন করেন। তাঁদের বাছাইয়ে ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফিজ কারী গোলাম কিবরিয়া ও হাফিজ কারী হিফজুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হযরত মাওলানা মনিরুল ইসলাম কাশেমী, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ ছানাওর আলী, হাফিজ কারী গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা আব্দুল হাই, সৈয়দ আব্দুল আলী ও মাওলানা আমিনুল ইসলাম।
প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপের মোট ১৮ জন বিজয়ীর মধ্যে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে ৬৩ হাজার টাকার অর্থ ও পুরস্কার দেওয়া হয়। প্রতিটি গ্রুপে প্রথম স্থান অধিকারীকে ৬ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫ হাজার, তৃতীয় স্থান অধিকারীকে ৪ হাজার এবং চতুর্থ স্থান অধিকারীকে ৩ হাজার টাকা দেওয়া হয়। পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীদেরও নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
যুক্তরাজ্যপ্রবাসী ও এলাকার সম্মানিত পৃষ্ঠপোষকদের অর্থায়নে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন হয়। প্রতিযোগিতা সফলভাবে শেষ হওয়ায় আয়োজকেরা বিচারকমণ্ডলী, অর্থদাতা ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান।
হিফজুল কোরআন প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফিজ মাওলানা সৈয়দ আজহাদ আহমদ।
এমএ
