ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ জানান, ‘মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’
তবে পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তারা ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো অভিযান চালাননি।
তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার।
এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি জোট জানিয়েছিল যে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া পবিত্র মদিনা নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।
উল্লেখ্য, মদিনার ঐতিহাসিক মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটি অন্যতম।
-আল আরাবিয়া অবলম্বনে
