বড়লেখা-জুড়ীর পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়ে সংসদ সদস্য জহরত আদিব
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে তিন দিনের সফরে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে তাঁর এ সফর শুরু হয়। সফরে দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেওয়ার কর্মসূচি রয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী ও প্রয়াত অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে জহরত আদিব চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় সফর করছেন। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জুড়ী উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনসূচিতে ছিল রাধামাধব পূজামণ্ডপ, যুবসংঘ মন্দির, জাঙ্গিরাই কালীবাড়ি মন্দির, ভুয়াই মন্দির, রত্না চা-বাগান পূজামণ্ডপ, কাপনাপাহাড়, সাগরনাল চা-বাগান দুর্গামণ্ডপ, ফুলতলা বস্তি, শিলুয়া চা-বাগান দুর্গামন্দির ও সোনারূপা চা-বাগান পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে দক্ষিণ শাহবাজপুর চা-বাগান, উত্তর শাহবাজপুরের কুয়ারপার শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া কালাচাঁদ বাড়ি, দাসেরবাজারের শ্রীশ্রী কালাচাঁদ দুর্গামণ্ডপ, বর্ণী ইউনিয়নের মিহারি ও মিহারি ফরিঙ্গা, তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার, বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই সাঁওতাল পল্লি এবং পৌরসভার হাটবন্দ রাধাকৃষ্ণ পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ।
সফরের শেষ দিন বুধবার বিকেলে বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা-বাগান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের লক্ষ্মীছড়া চা-বাগান এবং সুজানগরের সালদিগা এলাকার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এসব কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সংসদ সদস্য।
