কালবেলা · আন্তর্জাতিক
আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন পেজেশকিয়ান
২৪/১০/২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে অংশ নিতে রাশিয়া সফর করবেন তিনি। ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত কাজেম জালালির বরাতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে যোগ দিতে মস্কো যাবেন পেজেশকিয়ান।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জালালি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ দুটির মধ্যে সহযোগিতা বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে।
শুক্রবার (২৩ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, আগামী সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে তেহরান ও মস্কোর মধ্যে আলোচনা হবে। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরান সফর করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় আরাগচি দুই দেশের সহযোগিতাকে আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন।
এর আগে অক্টোবরের শুরুতে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা কয়েক মাস ধরে স্থবির রয়েছে। এদিকে ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
মূল প্রতিবেদনে যান ↗