দুই পাশে ঘন জঙ্গল আর পাহাড়। মাঝখানে পিচঢালাই সড়ক। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সড়কে চলাচলে এখন আতঙ্ক থাকেন লোকজন। দিনের বেলাতেও ভয়ে ভয়ে চলাচল করতে হয়। সন্ধ্যা নামলেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ চিত্র কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারি সড়কের। প্রায় সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন থামানো হয়। এরপর অস্ত্রের মুখে যাত্রীদের নামিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় ডাকাতেরা। চলে মারধর, টাকা ও মুঠোফোন লুট। কখনো অপহরণ করে আদায় করা হয় মুক্তিপণ।
