কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। এতে জেলার ১৮টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ অংশ নেয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের বখাটেপনা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ৩৫৩ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।
যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
