কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হারেছ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. হারেছ উপজেলার চারিতলা গ্রামের রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামে সেচকল লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় মামুন গং ও তার সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে মো. হারেছকে এলোপাতাড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনার পর আহত অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
