কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে খলিলুর রহমান নামে এক দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং হয়রানি বন্ধের দাবি জানান তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, মাহাবুল হক, মাহফুজার রহমান প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী মোসলেম উদ্দিন অভিযোগ করেন, আবার বাবার জমি ভুয়া দলিল তৈরির মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় জমিটি উদ্ধার করি। এরপর থেকে আমার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ পরিস্থিতিতে হয়রানি বন্ধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ করে বলেন,দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের জমি নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে এ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে পুলিশি হয়রানির শিকার হচ্ছি। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানাই।
মমিনুল ইসলাম বাবু/এমটিআই
