চেলসিতে যোগ দেওয়ার পর দুর্দান্ত ছন্দে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। নিজের এই সাফল্যের পেছনে কোচ জাবি আলোনসোর আস্থা ও কৌশলগত পরিবর্তনকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পেদ্রো বলেন, ‘চেলসিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার মৌসুমটা আলাদা। এমন একজন কোচ পেয়েছি, যিনি আমাকে অনেক আত্মবিশ্বাস দেন। আমার মনে হয়, এখন পর্যন্ত ভালো পারফরম্যান্সের পেছনে এটি বড় একটি কারণ।’
২০২৫ সালে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর কোল পালমারের সঙ্গে শুরুতেই কথা বলেছিলেন পেদ্রো। দুজনের খেলার পজিশন নিয়ে প্রতিযোগিতা তৈরি হতে পারে—এমন সম্ভাবনা দূর করতেই ইংল্যান্ডের এই তারকাকে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়েছিলেন তিনি।
পেদ্রো বলেন, ‘আমি তাকে বলেছিলাম, আমি সাহায্য করতে এসেছি। তার জায়গা নিতে চাই না, এমন কিছুই নয়। সেখান থেকেই আমাদের বন্ধুত্বের শুরু। মাঠে ও মাঠের বাইরেও আমাদের সম্পর্ক দারুণ। এখন মরগান রজার্সের সঙ্গেও আমাদের ভালো বন্ধুত্ব। আমরা সব সময় হাসি-ঠাট্টা করি।’
পালমার ও রজার্সের কাছ থেকে পাস পাওয়াও তার পারফরম্যান্সে সহায়ক হচ্ছে বলে মনে করেন পেদ্রো। তিনি বলেন, ‘কোল ও মরগান আমার পাশে আছে, তারা আমাকে পাস দিয়ে সাহায্য করছে। মৌসুমের শুরুটা দেখলেই বোঝা যায়, আমাদের সময়টা ভালো যাচ্ছে। আশা করি, আমাদের জন্য মৌসুমটি দারুণ হবে।’
এমএমএম/
