চট্টগ্রামের পটিয়ায় এবার সংসদ সদস্যের কাছে অভিযোগ জানাতে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বসানো হচ্ছে অভিযোগ বাক্স। তথ্য-প্রমাণ দিয়ে সাধারণ মানুষ অভিযোগ করতে পারবেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম রোববার দুপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্স বিতরণ করেন ।
এমন উদ্যোগ নিয়ে এনামুল হক এনাম বলেন, সাধারণ মানুষ সেবা নিতে এসে নানা ধরনের হয়রানির শিকার হন। সহজে ও নির্ভয়ে এসব অভিযোগ তাকে জানাতে পারেন, সে জন্য অভিযোগ বাক্স বসানো হচ্ছে। এর মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জবাবদিহির আওতায় আনা যাবে।
আরেক প্রশ্নের জবাবে এমপি এনাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন, যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। অভিযোগ বাক্সগুলো সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে বসানো হবে। প্রাথমিকভাবে ৬০টি বাক্স বসানো হচ্ছে। যেসব অভিযোগ জমা পড়বে, সেগুলো এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিছু ক্ষেত্রে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে বলেও জানান তিনি।
অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান ও আবদুল মান্নান, যুবদল নেতা কাজী আরিফ উল্লাহ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওবাদুল হক রিকু প্রমুখ।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
এমই
