কলকাতায় মঙ্গলবার মিছিলের ডাক দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মিছিল আটকানোর বিষয়ে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা সোমবারই ঘোষণা করেছিল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এ বার সেই কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দ জানিয়েছেন, প্রস্তাবিত মিছিলের বিষয়ে পুলিশের কাছে সরকারি ভাবে কোনও আবেদন জমা পড়েনি। ফলে অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি করা যাবে না।
প্রসঙ্গত, সোমবার রাতে পার্ক স্ট্রিটের একটি দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে মমতার মিছিল প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এর পরেই মিছিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন সিপি। তিনি বলেন, “পুলিশের কাছে এই মিছিলের কোনও সরকারি বিজ্ঞপ্তি বা আবেদন জমা পড়েনি। ফলে কোথা থেকে মিছিল শুরু হবে, কোথায় শেষ হবে কিংবা কত মানুষ যোগ দেবেন, সে বিষয়ে পুলিশ অবগত নয়। সমাজমাধ্যমের পোস্ট বা পোস্টার দেখে পুলিশ প্রশাসন কাজ করতে পারে না।”
দুর্গাপুজোর সময় শহরে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাড়তি চাপ থাকে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। তাঁর বক্তব্য, মিছিলের জন্য আবেদন জানানো, সম্ভাব্য জনসমাগমের হিসাব দেওয়া এবং যান চলাচল ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা— সব ক্ষেত্রেই নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম না মেনে কর্মসূচি আয়োজন করলে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। নিয়ম না-মানলে পুলিশ এই ধরনের কর্মসূচির অনুমতি দেবে না বলেও জানান তিনি। মমতা তৃণমূল সূত্রে খবর, মিছিলের দায়িত্বে রয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীদের মিছিলে শামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা নিজেও মিছিলে হাঁটবেন বলেই খবর।
অন্য দিকে, মিছিল নিয়ে নিজের অবস্থানে অনড় শুভেন্দু। তাঁর কড়া বার্তা, “সিপি-কে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। পুলিশকে বলব, যেখানে শুরু, সেখানেই শেষ করে দেবেন। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীও নামাতে বলেছি। পেরোতে দেব না। দুর্গাপুজোয় কোনও বিশৃঙ্খলা করতে দেব না।”
