প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ এএম
‘স্কাউটিংয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে আগামীর যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে’—এমন প্রত্যাশার মধ্য দিয়ে নেত্রকোণায় শুরু হয়েছে জেলা কাব ক্যাম্পুরী। শিশু-কিশোর কাব স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটদের আগামীর উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের কাব স্কাউটরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের মূল কারিগর। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা বিকশিত হয়। এসব মূল্যবোধ ধারণ করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এডভোকেট), জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহাম্মদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম। এ ছাড়া বাংলাদেশ স্কাউটসের নেত্রকোণা জেলার বিভিন্ন পর্যায়ের কমিশনাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস, নেত্রকোণা জেলার কমিশনার ওয়াহিদুজ্জামান।
জেলা কাব ক্যাম্পুরী শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম বিকাশের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে ওঠে।
