কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্তে দুই সদস্যের কমিটি
কুমিল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিনের মাথায় মহানগর শাখার কমিটি ভেঙে দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগর জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত করাসহ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রের পক্ষ থেকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যক্রম তত্ত্বাবধান করবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
এদিকে, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে গঠিত দুই সদস্যের কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। কমিটিকে এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
কমিটি গঠন নিয়ে উত্তেজনা, কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর
এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
The post কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্তে দুই সদস্যের কমিটি appeared first on Rising Cumilla.
