আবদুল্লাহ জুয়েল, মনপুরা।।
ভোলার মনপুরা থেকে নোয়াখালীতে শুক্রবার থেকে নৌরুটে চালু হচ্ছে সিট্রাক এমভি গাংচিল সার্ভিস। এতে নিরাপদ নৌপথে চলাচলের দ্বার উন্মোচিত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন মনপুরা উপকূল থেকে নৌপথে নোয়াখালী হয়ে সড়কপথে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্রগ্রামে ৬ ঘন্টায় পৌঁছানো যাবে।
এতদিন দুর্গম ও বিচ্ছিন্ন মনপুরা উপকূল থেকে ঢাকা ও চট্রগ্রামে যাতাযাতকারী হাজারো যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলারে চলাচল করতো। নিরাপদ সীট্রাক চালু হওয়ায় সময়ের সাথে সাথে জীবনের ঝুঁকি না থাকায় যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় সিট্রাক এমভি গাংচিলের মনপুরা রামনেওয়াজ ঘাটের সুপারভাইজার মোঃ রিপন সিট্রাক চালুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মনপুরার রামনেওয়াজ ঘাট থেকে ঢালচর হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে সীট্রাক এমভি গাংচিল ছেড়ে যাবে।
জানা যায়, মনপুরা থেকে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার হাতিয়ার চেয়ারম্যানঘাটে ৮ টি ট্রলার যাত্রী নিয়ে চলাচল করে। ওই সমস্ত ট্রলারে ঢাকা ও চট্রগ্রামে যাতায়াত করে হাজার হাজার যাত্রী। আর প্রতিনিয়ত এই নৌরুটে ট্রলারে করে ঝুঁকি নিয়ে উপকূল ছেড়ে চাকরীর জন্য ঢাকা ও চট্রগ্রামে যাচ্ছে হাজার হাজার মানুষ।
এই নৌপথে চলালচলকারী যাত্রী সুমন, বনি আমিন, লোকমান সহ অনেকে জানান, চট্রগ্রাম থেকে গাড়ি করে ভোর রাতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট এসে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহি ট্রলারে করে মনপুরায় আসতে হয়। নিরাপদ সীট্রাক চালুতে ঝুঁকি কমে যাওয়ার পাশাপাশি সময় কম লাগবে।
এদিকে ব্যবসায়ী, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, মনপুরা-নোয়াখালী সীট্রাক চালু হলে সড়কপথে ৬ ঘন্টার মধ্যে দিনে ঢাকা পৌঁছানো যাবে। এতে অফিস ও ব্যবসায়িক কাজ দিনে সেরে ফের মনপুরায় ফিরা যাবে। নিরাপদ নৌরুটে চলাচলে নতুন দ্বার উম্মোচিত হওয়ায় উচ্ছ্বাসিত হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মনপুরা-নোয়াখালীর চেয়ারম্যান ঘাট রুটে এক বছরের জন্য এমভি গাংচিল সিট্রাকটি ইজারা নিয়েছেন তাজিমুল ট্রের্ডাস এর নামে মোঃ,বশিরুল ইসলাম।
এই ব্যাপারে ভোলার চরফ্যাসনের বেতুয়া নদী বন্দরের বিআইডব্লিউটিএর দায়িত্বরত কর্মকর্তা টুটুল চন্দ্র রায় বলেন, শুক্রবার ভোর সাড়ে ৬ টায় নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে ঢালচর হয়ে মনপুরার রামনেওয়াজ ঘাটে চলাচল করবে সিট্রাক এমভি গাংচিল। ফের সকাল সাড়ে ৯ টায় মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট যাবে সিট্রাকটি।।
এই ব্যাপারে বিআইডব্লিটিসি ভোলা জেলা ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ কাওছার আলম জানান, বিআইডব্লিটিসি সিট্রাক ইজারার মাধ্যমে পরিচালিত করে।
এই ব্যাপারে টেন্ডারে পাওয়া তাজিমুল ট্রের্ডাস এর পক্ষে সুপারভাইজার মোঃ রিপন জানান, সিট্রাক গাংচিল এর ভিতরে যাত্রীদের বসার চেয়ারের কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার থেকে মনপুরা-নোয়াখালী নৌরুটে সিট্রাক এমভি গাংচিল সার্ভিস চলাচল করবে।
