রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। ২০২৯ সালে সেখানে অফিস কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
The post সচিবালয়কে আগারগাঁওয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত appeared first on ভোরের চেতনা.
