ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার ও প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়িঘর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আনোয়ারা থানার পরিত্যক্ত পুকুর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, নালা-নর্দমা ও আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এর প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।
উপজেলা প্রশাসন, আনোয়ারা, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সাইদুজ্জামান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘রাখব চারপাশ পরিষ্কার, করব ডেঙ্গু প্রতিকার’।
এর আগে উপজেলা পরিষদের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে টেস্ট কিট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিজে
