জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক সম্পন্নের উদযাপন উপলক্ষে গরুর মাংসের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। রান্নার চুলা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সনাতন প্রার্থনালয়ের (মন্দির) ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ হিন্দু শিক্ষার্থীরা। পরে গতকাল সোমবার রাত ৯টার দিকে প্রক্টর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় ক্যাম্পাসের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক অজয় পাল বলেন, ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও উপাসনালয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন আয়োজক শিক্ষার্থীরা। তারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।
বিবৃতিতে আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় তারা বাইরে লাকড়ি দিয়ে রান্নার সিদ্ধান্ত নেন। ব্যবহৃত ইটগুলো যে মন্দিরের, তা তারা জানতেন না। বিষয়টি নজরে আসার পরপরই ইটগুলো সরিয়ে ক্যাফেটেরিয়া থেকে লোহার চুলা এনে রান্নার কাজ সম্পন্ন করা হয়। পাশাপাশি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নিজেদের ভুল স্বীকার করেন তারা।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম বলেন, খবর পাওয়ার পরপরই প্রশাসনিক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। আয়োজকেরা শুরুতে অনুমতি না নিলেও পরে মৌখিক অনুমতি নেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। তদন্তের পর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
