রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরিচা টিম লিডার জাহিদুল ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই শিশুর নাম নুর আলম (০৮)। সে দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়ার রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরিচা টিম লিডার জাহিদুল ইসলাম জানান, প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে দুপুরে গোসল করতে যায় শিশু নুর আলম। গোসলের এক পর্যায়ে তার সঙ্গে থাকা অন্য শিশুরা নুর আলমকে না পেয়ে স্থানীয়দের জানায়। সে সময় স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালাতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
টিম লিডার জাহিদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় সাত সদস্যের ডুবুরি দল কাজ করছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
