শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকায় কুটেমনি সেতুর নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, কেউ তাকে হত্যা করে লাশ ড্রামে ভরে সেতুর নিচে ফেলে গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পুলিশকে। ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে গ্রাম পুলিশ শ্রীবরদী থানায় খবর দেন।
ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ খান নুন।
তিনি বলেছেন, “আমি সকালে ঘটনাটি শোনার পর পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ হয়ত লাশটি এখানে ফেলে গেছে। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে লাশের পরিচয় শনাক্ত হোক। সেইসঙ্গে আপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেছেন, “খবর পাবার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের জন্য সেটি শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।”
