ভোলার বোরহানউদ্দিনে পুকুরের ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আব্দুল গনির মেয়ে তানহা (১০) ও মো. শাহিনের মেয়ে মাহা (৯)।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আজ সকালে দুই শিশু গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে পথচারীরা এক শিশুকে মৃত অবস্থায় পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে প্রথমে ওই শিশুকে উদ্ধার করেন। এ সময় অপর শিশুটি পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানা যায়। পরে দুই শিশুকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
