শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে শেরপুর সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা দল। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি আগামী বছরের মধ্যে শেরপুরের খেলার মাঠসংক্রান্ত সমস্যা সমাধান এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার আশ্বাস দেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
গ্যালারিতে দর্শকদের উপচেপড়া ভিড়, ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বেলা দুইটা থেকেই ফুটবলপ্রেমীরা দলে দলে স্টেডিয়ামে আসতে শুরু করেন। একপর্যায়ে গ্যালারির সব আসন পূর্ণ হয়ে গেলে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যায়। উৎসুক দর্শকেরা মাঠে দুই দলের লড়াই উপভোগ করেন।
ম্যাচে শেরপুর পৌরসভা ও শেরপুর সদর উপজেলা দল দক্ষতা ও নৈপুণ্যের সঙ্গে খেলায় অংশ নেয়। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো সময়জুড়েই উত্তেজনা বিরাজ করে। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুর পৌরসভা দল। খেলাধুলার উন্নয়নে একাধিক ঘোষণা মন্ত্রীর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী বছরের মধ্যে শেরপুরের খেলার মাঠের সমস্যা সমাধান করা হবে। সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেবে। পাশাপাশি শেরপুরে স্টেডিয়াম ও সুইমিংপুল নির্মাণের আশ্বাসও দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জীবনযাপনে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার,ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যাচসেরা, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে পুরস্কৃত করা হয়। এ ছাড়া দর্শকদের জন্য ফ্রি কুপনের মাধ্যমে নির্বাচিত ১০ জনকে পুরস্কার দেওয়া হয়। দর্শকদের জন্য প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।
আয়োজকদের মতে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড়, আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
The post ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা appeared first on ভোরের চেতনা.
