হুথিদের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
সৌদি আরবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিশেষ করে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকে অত্যন্ত ‘ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের পক্ষে এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি, গ্রিসের প্রতিনিধি ইভানগেলোস সেকেরিস এই বিবৃতিটি তুলে ধরেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, পরিষদ সৌদি ভূখণ্ডে হুথিদের অব্যাহত হামলা এবং লোহিত সাগর ও বাব আল-মানদেবে বাণিজ্যিক জাহাজে আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি আরবের আত্মরক্ষার সহজাত অধিকারকেও স্বীকৃতি দেওয়া হয়।
চলতি মাসের শুরু থেকে সৌদি রাজধানীর বিমানবন্দরে অন্তত ২০ বার হামলা চালানো হয়েছে। এর মধ্যে গত সপ্তাহান্তের এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হন।
এদিকে, রিয়াদ বিমানবন্দর হামলার পর বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মদিনা অঞ্চলের আকাশে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত (ইন্টারসেপ্ট) করার দাবি করেছে। পবিত্র স্থানগুলোতে হামলা না চালানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুথিরা এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।
একই দিন (বৃহস্পতিবার) ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে একটি মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এই হামলায় ইয়েমেনি সরকারি বাহিনী এবং সৌদি জোট পরিচালিত কমান্ড সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়।
ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাশিম বুহাইবেহ জানান, এই হামলায় অন্তত ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য এবং বেসামরিক কর্মচারীরা রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকারের সমর্থনে সৌদি আরব সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে। দীর্ঘদিনের যুদ্ধবিরতির পর গত সেপ্টেম্বরে দেশটির গৃহযুদ্ধ পুনরায় তীব্র আকার ধারণ করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
