নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুজন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকালে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত সুজন আড়াইহাজার উপজেলার মালুপাড়া এলাকার মধু বর্মনের ছেলে।
স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
