ভারতের মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে ঘটনার দায় স্বীকার করেন। তিনি বলেন, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণে টাইগার শ্রফ তাদের নিশানায় ছিলেন। তবে ভিডিওতে দেওয়া দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে ওই ব্যক্তি আরও হুমকি দেন, বলিউডে যারা তাদের সঙ্গে সমন্বয় না করে কাজ করবেন বা সালমান খানের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের হত্যা করা হবে। সালমান খান লরেন্স বিষ্ণোই ও বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চাইলে তার পরিবারের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
গুজরাটের কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর আগেও সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমানের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে।
২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সাবেক মহারাষ্ট্র মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ওই হত্যাকাণ্ডের দায়ও বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল।
সূত্র: এনডিটিভি
