Published on
:
1 min read
এই সময়: গভীর রাতে চায়ের নেশা ডেকে আনল মর্মান্তিক পরিণতি।
ট্র্যাফিক আইন ও সুরক্ষাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে একটি মোটরবাইকে চেপে তিন বন্ধু যাচ্ছিলেন চা খেতে। কারও মাথাতেই হেলমেট ছিল না। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে প্রাণ হারালেন চালক, জখম হয়েছেন অন্য দু’জনও। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট থানা এলাকার বন্ডেল গেট উড়ালপুলে। মৃত যুবকের নাম মহম্মদ সরফরাজ (২৯)। বার বার বলার পরেও একটি মোটরবাইকে তিন জনের সওয়ার হওয়া এবং হেলমেট ব্যবহার না করার প্রবণতায় হতাশ ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। তাঁদের বক্তব্য, চালক এবং আরোহীরা সচেতন না হলে দুর্ঘটনা কমানো কোনও ভাবেই সম্ভব নয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তিলজলা এলাকার জিজে খান রোডের বাসিন্দা মহম্মদ সরফরাজ তাঁর দুই বন্ধু মহম্মদ মাজাহার ও মহম্মদ কুরেশিকে নিয়ে মোটরবাইকে বেরিয়েছিলেন। পুলিশ জেনেছে, রাতে চা খেতে যাওয়ার উদ্দেশেই বেরিয়েছিলেন তাঁরা। বন্ডেল গেট উড়ালপুল ধরে দ্রুত গতিতে যাওয়ার সময়ে হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারান। মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন চালক এবং দুই আরোহী।
হেলমেট না থাকায় সরফরাজের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন ও কর্তব্যরত পুলিশকর্মীরা রক্তাক্ত অবস্থায় তিন যুবককে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সরফরাজকে মৃত ঘোষণা করেন। মাথায় গুরুতর আঘাতের কারণেই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাজাহার ও কুরেশির চোট তুলনামূলক কম ছিল, প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছে গড়িয়াহাট থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
